চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া গ্রামের প্রবীণ নামকীর্তনশিল্পী গোপাল দাস (৬৯) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ১৯ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ছন্দারিয়া গ্রামসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গোপাল দাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিনয়বাঁশী পরিবারের সদস্য, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী, ছন্দারিয়া শ্রীশ্রী গোবিন্দ মহারাজ সেবাশ্রম ও দুর্গাপূজা পর্ষদের নেতৃবৃন্দ, বীণাপাণি সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক জীবনেও একের পর এক শোকের মুখোমুখি হয়েছিলেন গোপাল দাস। দুই বছর আগে অসুস্থতাজনিত কারণে তাঁর মেয়ে লাকি দাসের মৃত্যু হয়। এর পরের বছর শুকনো গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁর বড় ছেলে উত্তম দাস।
পরপর দুই সন্তানকে হারানোর বেদনা বুকে ধারণ করে দিন কাটাচ্ছিলেন তিনি। এরই মধ্যে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কাছে হার মেনে না-ফেরার দেশে পাড়ি জমান এই প্রবীণ নামকীর্তনশিল্পী।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশকারীরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ব্রিজসংলগ্ন ছন্দারিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
গোপাল দাসের মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।