সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে কয়লা পরিবহনের অভিযোগে একটি কয়লাবোঝাই কার্গো আটক করেছে বন বিভাগ। এ সময় কার্গোতে থাকা ৯ জনকে আটক করা হয়।
রোববার মোংলার জয়মনি এলাকা থেকে পাথরঘাটার দিকে যাওয়ার পথে কার্গোটি আটক করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় সুন্দরবনের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে কার্গোটি আটক করা হয়। কার্গোতে থাকা শ্রমিকদের দাবি, তারা কার্গোটি ভাড়া করে পাথরঘাটার আমুয়া এলাকায় যাচ্ছিলেন।
তবে কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র, চালান কিংবা প্রয়োজনীয় অনুমতিপত্র দেখাতে না পারায় কয়লাসহ কার্গোটি জব্দ করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের সংরক্ষিত এলাকার মধ্য দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ ও অনুমতির বিষয়টি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র না থাকায় কার্গোটি আটক করা হয়েছে।
বন বিভাগের হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম, দুলাল হাওলাদার, সুমন তালুকদার, নুর নবী, এনায়েত করিম, ওবায়দুল, মামুন, লায়েক মিয়া ও কবির হোসেন। তাদের বাড়ি মোংলা, ভান্ডারিয়া, মোড়েলগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বন বিভাগ সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা কয়লা ও কার্গো বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা কালান্তর নিউজকে বলেন, “সুন্দরবনের ভেতর দিয়ে কোনোভাবেই কয়লা বা বাণিজ্যিক পণ্য নেওয়া যাবে না। আমরা নিয়মিত টহল জোরদার করেছি।”
সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে বন বিভাগের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রবিউল ইসলাম খুলনা প্রতিনিধি কালান্তর নিউজ. মোংলা