‘আলোর প্রত্যাশায় আমরা’ স্লোগানে মেধাবীদের সম্মাননা ও সনদ প্রদান, শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের প্রতিভার বিকাশ এবং মানবকল্যাণে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উত্তর ডুমুরিয়া শিক্ষা কল্যাণ সংঘের আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী তিথিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আলোর প্রত্যাশায় আমরা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশলী প্রদীপ তরফদার, বন বিভাগের মহাব্যবস্থাপক বিবেক সরকার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রি, সমাজসেবা অধিদপ্তরের এডিসি লিংকন বিশ্বাস, সমাজসেবক শিবুপদ জোয়ার্দ্দার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক পরিমল বিশ্বাস এবং অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি মণ্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেম কুমার বৈরাগী।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মতো উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।