খুলনার কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা অংশ নেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, “অতীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একইভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সংগঠনের নির্দেশনামাফিক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলম বলেন, “আমি একাধিকবার কয়রা বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ আনতে পারবে না। আগামীতে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করব। যেখানে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সামাজিক হয়রানির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, কয়রা অঞ্চলটি কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী পরিবেষ্টিত এবং সুন্দরবনের ওপর এ অঞ্চলের মানুষের জীবিকা নির্ভরশীল। নির্বাচিত হলে সুন্দরবনে বনদস্যু ও হয়রানি বন্ধের পাশাপাশি জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।