নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে যোগ্য শিক্ষার্থীদের আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলরের সম্মতি পাওয়া গেছে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটটি হলো convocation.nstu.edu.bd।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) পর্যায়ে ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগের আওতাভুক্ত নন।
স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-২০১৬ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এবং PMLIS প্রোগ্রামের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
এ ছাড়া PGDLIS প্রোগ্রামের ২০১৮ সালের B3 থেকে ২০২০ সালের B12 ব্যাচ এবং PGDIT প্রোগ্রামের Spring 2018 থেকে Summer 2024 ব্যাচের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে সমাবর্তনের নিবন্ধন ফি দুই ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে।
স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (আইএইচটি ও আইআইএস) এবং প্রফেশনাল মাস্টার্স (আইআইএস) পর্যায়ের জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা।
অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্সের একাধিক ডিগ্রির জন্য একসঙ্গে নিবন্ধন করলে ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল সনদপত্র সংগ্রহের সময় নিবন্ধন ফি জমা দেওয়ার অনলাইন পেমেন্ট স্লিপ অবশ্যই জমা দিতে হবে। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মূল সনদপত্র গ্রহণ করেছেন, তাঁরা পুনরায় মূল সনদপত্র নিতে চাইলে নিবন্ধন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আগে গ্রহণ করা মূল সনদপত্র জমা দিতে হবে।
যেসব শিক্ষার্থী এখনো প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেননি, তাঁদের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রভিশনাল সার্টিফিকেটের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নিতে হবে। স্বাক্ষরযুক্ত আবেদন ফরমের স্ক্যানকপি প্রভিশনাল সার্টিফিকেটের পরিবর্তে সংযুক্ত করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ ছাড়া যেসব শিক্ষার্থী আগে সাময়িক সনদপত্র গ্রহণ করেছেন, তাঁদের মূল সনদপত্র সংগ্রহের সময় সাময়িক সনদপত্রের মূল কপি জমা দিতে হবে।
সমাবর্তনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এবং নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইট convocation.nstu.edu.bd-এ পাওয়া যাবে।