ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী সনিয়া আক্তারের অভিযোগ, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি বোনের বাসায় বেড়াতে যান। এ সুযোগে অজ্ঞাতনামা চোরেরা তার ভাড়া বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে ঘরে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
সনিয়া আক্তার জানান, বাসায় ফিরে তিনি দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরে থাকা মালামাল যাচাই করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সনিয়া আক্তার।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।