ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (আনুমানিক পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক) উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রবিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকায় কে বা কারা ওই ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো নাম-পরিচয় বা স্বজনদের সন্ধান না পাওয়ায় পরবর্তী আইনি ও চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ নিতে জটিলতা দেখা দিয়েছে।
উদ্ধার হওয়া ওই ব্যক্তির কোনো পরিচয় কিংবা তাঁর স্বজনদের সন্ধান কারো জানা থাকলে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।