চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মান নামে পরিচিত এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর আহমদসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোলায়মানকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও বেচাকেনা বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।