মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা দিলরুবা ক্লাবের আয়োজনে এবং জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি মোঃ হাসান শওকত-এর সভাপতিত্বে এবং শহীদ আসিফ ইকবালের চাচাতো ভাই মোঃ হামিম-এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনউর রশিদ, প্রাক্তন গোলরক্ষক মোঃ আছালত হোসেন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মোঃ চঞ্চল মোল্লা ও জাকের আব্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা ও খেলা ধারাবিবরণী পরিবেশন করেন দিলরুবা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
আঞ্চলিক খেলোয়াড়দের নিয়ে গঠিত চার দলীয় এ টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় দিলরুবা রয়্যালস ক্লাব এবং অরিওস স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ২-২ গোলে ড্র হিসেবে শেষ হয়। ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ জাকের আলী।
দিলরুবা ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, জুলাই শহীদ আসিফ ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে নোহাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বড় পরিসরে জেলা ও উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।