ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম আরও গতিশীল করতে নিজ উদ্যোগে একটি মাহিন্দ্রা পিকআপ গাড়ি উপহার দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
পুলিশের নিয়মিত টহল, ঝটিকা অভিযান ও যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে এমপি’র ব্যক্তিগত অর্থায়নে দেওয়া গাড়িটি শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কর্মকার, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনসহ স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করতে পারেন, সেটিই আমার মূল উদ্দেশ্য।”
গৌরীপুর সার্কেলের কর্মকর্তা দেবাশীষ কর্মকার জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন গাড়ি যুক্ত হওয়ায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কার্যক্ষমতা ও টহল ব্যবস্থা বহুগুণ বৃদ্ধি পাবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন এমপি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “গাড়িটি যুক্ত হওয়ায় নিয়মিত টহল ও জরুরি উদ্ধার বা অপরাধবিরোধী অভিযানে পুলিশি সেবা আরও দ্রুততর এবং গতিশীল হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সহযোগিতামূলক পদক্ষেপ ঈশ্বরগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।