ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৮ নভেম্বর ২০২৬ বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে পুরোনো স্মৃতি, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় শুরু হয়েছে। কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভায় তাকে পুনর্মিলনী আয়োজনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্মতি প্রদান করেন। তিনি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন পরামর্শও দেন।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজীবকে পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক করা হয়।
এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে পুনর্মিলনী আয়োজন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৮ নভেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুল্লাহ, নারায়ণগঞ্জ ড্যাবের সভাপতি ও ইউরোলজিস্ট প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সাবেক পিপি ও আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, স্কাউট কমিশনার আরিফ মিহির, সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান ও অধ্যাপক মো. মইনুল আশরাফ এবং মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মফিজুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনীর মাধ্যমে সরকারি তোলারাম কলেজের বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবেন। এতে ক্যাম্পাস জীবনের স্মৃতি ফিরে আসার পাশাপাশি পুরোনো বন্ধুত্ব ও সম্পর্ক পুনরুজ্জীবিত হবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।
আয়োজকরা জানান, সরকারি তোলারাম কলেজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের অবদানকে স্মরণ ও সম্মান জানিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের স্থান, নিবন্ধন প্রক্রিয়া, অংশগ্রহণের নিয়মাবলি, বিভিন্ন কার্যক্রমসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সরকারি তোলারাম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।