কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম রাজা প্যারোলে মুক্তি পেয়ে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তার বাবা মো. সোহরাব উদ্দিন ব্যাপারীর জানাজায় অংশ নিয়েছেন।
জানা গেছে, গত ২৯ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আজহারুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্ট্রোক করে মারা যান আজহারুল ইসলামের বাবা মো. সোহরাব উদ্দিন ব্যাপারী। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিভিন্ন শর্তে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান আজহারুল ইসলাম রাজা।
দুপুর আড়াইটার দিকে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডলের নেতৃত্বে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে বাবার জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তিনি তার মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে কিছু সময় সাক্ষাৎ করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ সময় তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, ‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংবাদিক মুজিবুল হক চুন্নু, হাফিজুর রহমান হানিফ, আমিনুল ইসলাম রিপন, সাদিকুর রহমান রতন, শহিদুল হক, ফারজানা আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আজহারুল ইসলামের বাবার জানাজায় শত শত মানুষ অংশ নেন। স্থানীয়দের পাশাপাশি মরহুমের আধ্যাত্মিক অনুসারী ও পীরভাইয়েরাও জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজা শেষে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ নেমে আসে। বাবাকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবারও কারাগারে ফিরতে হয় আজহারুল ইসলাম রাজাকে।