সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন সাংবাদিক আতাউর রহমান কাওছার সিলেট বিভাগের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৪০ জন কৃতী ব্যক্তির মধ্যে তাঁকেও এ সম্মাননার জন্য মনোনীত করেছে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি।
আগামী ২৪ অক্টোবর বিকেল ৩টায় সিলেটের গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
গত ১১ অক্টোবর সন্ধ্যায় সিলেট নগরীর মধুবন মার্কেটে অবস্থিত নাগরী ইনস্টিটিউট কার্যালয়ে একাডেমির জরুরি সভায় অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও লোকগবেষক আবু সালেহ আহমদ।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত তালিকায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আতাউর রহমান কাওছারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আতাউর রহমান কাওছার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর জন্ম সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা এবং সাহিত্য ও প্রকাশনাসংশ্লিষ্ট কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কাজী শাহেদ বীন জাফর, লেখক জয়নাল আবেদিন বেগ, লেখক নাসরিন সুলতানা, নিয়াজ আহমেদ, আনোয়ার হোসেন, সাদেক ইমতিয়াজ, শাহিনা জালালীসহ অন্যরা।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননার জন্য মনোনীত হওয়ায় আতাউর রহমান কাওছারের পেশাগত ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আগামী ২৪ অক্টোবরের অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ৪০ জন মনোনীত ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হবে।