জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিবিএস ও সমমান ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া ২০১৬-২০১৭ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স, এমএ, এমএসএস ও সমমান ডিগ্রিধারীরাও এতে অংশ নিতে পারবেন।
নির্ধারিত সময়ে ডিগ্রি অর্জনকারী এমফিল ও পিএইচডি গবেষকদের পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রামের গ্র্যাজুয়েটরাও নির্ধারিত শর্তসাপেক্ষে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনুযায়ী, স্নাতক (সম্মান), বিবিএস ও সমমান ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা। মাস্টার্স, এমএ, এমএসএস ও সমমান ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৬ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, এমফিল ও পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা। মাস্টার্স (প্রফেশনাল ও সান্ধ্যকালীন) প্রোগ্রামের জন্য নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।