সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরে ঢুকে যৌন হয়রানির অভিযোগে মো. মাহমুদুল হাসান ওরফে মাক্কাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বহুলী ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশও হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যরা স্বামীর এক ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় ছোনগাছা এলাকায় খোঁজ নিতে যান। এ সময় ওই নারী বাড়িতে একা ছিলেন।
পরে বিকেল আনুমানিক ৩টার দিকে মাহমুদুল আকস্মিকভাবে তার স্বামীর বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি পেছন থেকে ওই নারীর মুখ চেপে ধরে এবং বুকে হাত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় ওই নারী ধস্তাধস্তি করে তাকে সরিয়ে দিয়ে চিৎকার করেন। পরে রান্নার কাজে ব্যবহৃত লোহার একটি বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি ঘর থেকে বের হয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, এর আগেও মাহমুদুলের বিরুদ্ধে নারীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কাঠের পুল এলাকা থেকে রাত ৮টা ২০ মিনিটের দিকে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।