শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার, মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘শ্রমিক জনতার দল’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শ্রমজীবী মানুষের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নতুন কর্মী-সমর্থকদের দলীয় কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মো. শামীম কামাল, ভাইস চেয়ারম্যান আলিফ হোসেন, মহাসচিব মো. আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র জেল এহসান খান, সভাপতি আব্দুল বারেক এবং সাধারণ সম্পাদক রিয়া পারভিন।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক জনতার দল দেশের শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক মর্যাদা, ন্যায্যতা ও সরাসরি রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করবে। একই সাথে তাঁরা শ্রমিক সমাজকে কোনো বিভক্তিতে না গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আব্দুল বারেককে সভাপতি, রিয়া পারভিন সাধারণ সম্পাদক এবং মো. রনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়, নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনটিকে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং শ্রমজীবী মানুষের নানা যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় কর্মসূচি গ্রহণ করা হবে।