ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যাংক কর্মকর্তার নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে যান জসিম উদ্দিন। সেখানে ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে গ্রামের পশ্চিমপাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) তাঁর ওপর হামলা চালান।
এ সময় ছুরি দিয়ে জসিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁর কাছ থেকে সংগৃহীত ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
জসিম উদ্দিনের অভিযোগ, টাকা ছিনিয়ে নেওয়ার সময় অভিযুক্ত সোহেল তাঁকে মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সানোয়ার হোসেন বলেন, “প্রকাশ্যে দিনদুপুরে একজন ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে প্রায় পৌনে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ ছিনতাইকারীর ভয়ে আশপাশের কেউ এগিয়ে আসেননি। এটি অত্যন্ত দুঃখজনক।”
গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, এ ঘটনায় আহত জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মঙ্গলবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।