খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী সরদার জুলফিকার আলম গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে কয়রা সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাশিখালের গোড়া, জুনিয়র মোড়, ঝিলিঘাটা বাজার ও সরকারি পুকুরপাড় এলাকায় প্রচারণা চালিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী সরদার জুলফিকার আলম বলেন, “আমি একাধিকবার কয়রা বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ আনতে পারবে না। আগামীতে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করব। সেখানে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সামাজিক হয়রানির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, কয়রা অঞ্চল কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীবেষ্টিত। এ অঞ্চলের বহু মানুষের জীবিকা সুন্দরবনের ওপর নির্ভরশীল। নির্বাচিত হলে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও মানুষের হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার পাশাপাশি জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাকসুদুর রহমান ফকির, বিভিন্ন ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সম্পাদক এবং ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।