মাদক, জুয়া, ক্যাসিনো, গুজব ও অপতথ্য প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।
শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় ঈশ্বরগঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জনতার ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ পরিবার, মানবিক ঈশ্বরগঞ্জ, রক্তের বন্ধনে আমাদের ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ বই আন্দোলন, ঐক্য মানব কল্যাণ ফাউন্ডেশন, রক্তদানে আমাদের মাইজবাগ, রাজিবপুর পরিবার, উজানচর নওপাড়া পরিবার ও মানবসেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি মো. সাজ্জাদ রোমন মাদক, জুয়া ও ক্যাসিনোর মতো অপরাধ প্রতিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সংগঠনগুলোর প্রতিনিধিরা এসব অপরাধ ও সামাজিক সমস্যা প্রতিরোধে থানা-পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন ওসি মো. সাজ্জাদ রোমন।