কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর মডেল ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিনুল ইসলাম (মুকুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদুরচর মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে নবীন বরণ কমিটির আহ্বায়ক গোলাম মোস্তাফা, সহকারী অধ্যাপক সাজ্জাদুল ইসলাম সুজন, মোর্শেদুজ্জামান ও নুরুন নবীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজ জীবন শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়কে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আজিজুর রহমান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। বিশেষ অতিথিরা শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
নবীন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।
কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।