ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ট্রাক ও কাভার ভ্যানের সংঘর্ষে সড়কের পাশে থাকা ‘মায়ের দোয়া গরিবের হোটেল’ ভেঙে তছনছ হয়ে গেছে। এতে হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেল মালিকের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাহারপাড় চৌরাস্তা মোড়ে ‘মায়ের দোয়া গরিবের হোটেল’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাক ও কাভার ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ধাক্কায় সড়কের পাশে থাকা হোটেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হোটেল মালিক মো. মনির হোসেন জানান, রাত ৩টার দিকে বাজারের নাইট গার্ড ফোন করে তাকে দোকান ভেঙে যাওয়ার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, সংঘর্ষের ধাক্কায় তার দোকানের বিভিন্ন অংশ ভেঙে তছনছ হয়ে গেছে।
মনির হোসেন বলেন, “রাত ৩টার দিকে বাজারের নাইট গার্ড ফোন করে আমাকে জানায়, আমার দোকানটি ভেঙে তছনছ হয়ে গেছে। খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে দেখি, দোকানের কোনো কিছুই ঠিক নেই।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় হোটেলের আসবাবপত্র ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
দুর্ঘটনার পর ট্রাক ও কাভার ভ্যানের চালক বা সংশ্লিষ্টদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।