একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী ও সুরসাধক ওস্তাদ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডীর ছন্দারিয়া গ্রামে শিল্পীর জন্মস্থান ও বাস্তুভিটায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে শিল্পীর প্রতিকৃতি, ভাস্কর্য ও সমাধিতে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বিকেল ৩টায় শিল্পীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক ও লোকশিল্পী বাবুল জলদাস এবং তাঁর সহযোগীদের উদ্বোধনী ঢোলবাদনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি, গুণীজন সংবর্ধনা এবং সংগঠনের সদস্যদের ‘বিনয়বাঁশী অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
২০০১ সালে যন্ত্রসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকে ভূষিত হন ওস্তাদ বিনয়বাঁশী জলদাস। ঢোলবাদনের নিজস্ব শৈলী ও দীর্ঘ সাধনার মাধ্যমে তিনি বাংলা লোকসংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাস ছিলেন বাংলার লোকসংগীত ও ঢোলবাদনের অনন্য সাধক। তাঁর দীর্ঘ সাধনা, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে ঢোলবাদন দেশ-বিদেশে স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম তুলে ধরার পাশাপাশি লোকসংস্কৃতির এই ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দানশীল ব্যক্তিত্ব ও সাধক ডালিম বড়ুয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম এবং বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান।
এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, স্বপন শীল, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, হাসান চৌধুরী, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক শাহ আলম বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য সজীব চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।