রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি বহনকারী বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পক্ষ থেকে ঘটনাটিকে কারিগরি ও প্রক্রিয়াগত বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের হাইকমিশনের প্রেস কাউন্সেলর শাবিদ উল্লাহ ওয়াজির এক লিখিত বক্তব্যে জানান, আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে কূটনৈতিক ফ্লাইট ও ওভারফ্লাইটের অনুমতির আবেদনগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয়।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে বিভিন্ন বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে।
এ কারণে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও হতে পারে।
পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্ব দেয়। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখার আহ্বান জানানো হয়েছে।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি বহনকারী একটি কার্গো বিমান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত রুটে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে আসতে পারেনি।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, পাকিস্তান কেন অনুমতি দেয়নি, সে বিষয়ে তখন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নির্ধারিত রুটে বিমানটির কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল। সব দেশের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে ফ্লাইট স্থগিত করা হয়।
পরে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েকটি ফ্লাইটে সম্পন্ন করা হবে।
সংশোধিত সূচি অনুযায়ী প্রথম ফ্লাইট ১ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। বাকি জ্বালানি সাতটি পৃথক কার্গো ফ্লাইটে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি VVER-1200 রিঅ্যাক্টর রয়েছে।
দুই ইউনিটের সম্মিলিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহে প্রায় এক সপ্তাহের এই পরিবর্তন হলেও প্রকল্পের সামগ্রিক সময়সূচি অনুযায়ী সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।