গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রতিরোধ, প্রস্তুতি ও দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (সোমবার) স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR) প্রকল্পের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রতিরোধ, প্রস্তুতি এবং দ্রুত সাড়া প্রদানের বিভিন্ন দিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। একটি সাজানো গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের আগে ও পরে করণীয় বিষয়গুলো জীবন্তভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি।
এছাড়া উপস্থিত ছিলেন ডিআরআরও মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিয়ার রহমান, একাডেমিক সুপার মোঃ বেলাল হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
মহড়ায় সভাপতিত্ব করেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব।
আলোচনায় বক্তারা দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আগাম প্রস্তুতি, সমন্বিত উদ্যোগ এবং দ্রুত সাড়া প্রদানের গুরুত্ব তুলে ধরেন।