সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব দিঘলিয়া গড়ে তোলার প্রত্যয়ে দিঘলিয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ।
বিভিন্ন এলাকায় ঘুরে তিনি স্থানীয়দের মধ্যে গাছ বিতরণ করছেন এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও উপযুক্ত স্থানে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছেন।
ইঞ্জিনিয়ার জাহিদ বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, যার যতটুকু জায়গা ও সামর্থ্য রয়েছে, সেখান থেকেই অন্তত একটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত। আজকের একটি ছোট উদ্যোগই আগামী দিনে সবুজ ও ছায়াঘেরা পরিবেশ তৈরির ভিত্তি হতে পারে।
আয়োজকদের দাবি, এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে আগ্রহ তৈরি হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সবুজায়নের এ উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইঞ্জিনিয়ার জাহিদ।
স্থানীয়দের কেউ কেউ এ ধরনের উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন। পাশাপাশি শুধু গাছ বিতরণ নয়, পরবর্তীতে সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।