চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়ারোড় বিসিক শিল্পনগরীর নাসির কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কেমিক্যাল কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুনের শিখা ও ধোঁয়া আশপাশ থেকে দেখা যায়। এতে শিল্পনগরী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, আগুনে কেউ হতাহত হয়েছেন কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।