ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ১২ নম্বর বিট এলাকায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর অপরাধ, ক্যাসিনোসহ বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিট পুলিশিং কার্যক্রম ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এ উঠান বৈঠকে সামাজিক ও আইনগতভাবে এসব অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ লতিফ ভান্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. রিপন আকন্দ, ঈশ্বরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মো. ইকবাল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্কুলশিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
বক্তারা বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম চলমান থাকবে।