নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে জেলার ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান (মকে)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক জয় সাগর-এর সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি হাসান ইমাম তালুকদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক মো. হাফিজুর রহমান হাফিজের অনুরোধে প্রয়াত হালিম ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এ সময় অতিথিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।