চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মো. ছানা উল্যাহর সঞ্চালনায় এবং অধ্যক্ষ জনাব মো. শফিকুল ইসলাম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সবক ও দোয়া পরিচালনা করেন ফেনী আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও শায়খুল হাদিস মাওলানা আতিকুর রহমান।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি ও দাতা সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, মান্দাবাড়ীয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নুরুন্নবী, অভিভাবক সদস্য মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. গোলাম ছারওয়ার এবং সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।
বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা জীবনে সাফল্য এবং মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়।