দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, রাজশাহীর স্থানীয় বিভিন্ন সমস্যা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত রাজশাহী নগরীর অলকার মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, যুগ্ম আহ্বায়ক জিয়া উর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ মখদুম মিলন, মোরশেদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা আহ্বায়ক এম. এ. সবুর ও সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু। এ সময় দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি সংবিধান সংস্কার পরিষদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সারসংক্রান্ত সমস্যা, শিশু নিখোঁজ ও জননিরাপত্তা, মাদকের বিস্তার, দখল-লুটপাট, রাজশাহীর ছাত্রসংগঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং এনসিপির সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী জেলা আহ্বায়ক এম. এ. সবুর রাজশাহীর উন্নয়ন, নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয় মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু স্থানীয় সমস্যা ও জনগণের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় এনসিপির নেতারা রাজশাহীর সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।