কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহাসিক রামপাল ও ময়নামতি এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সর্দার আবাসিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, রামপাল ও ময়নামতি এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।
সভায় সর্দার আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুম বলেন, একসময় শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত রামপাল ও ময়নামতি এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
‘ময়নামতি জাগ্রত বিবেক’-এর প্রতিনিধি রাতুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হলেও মূল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস কোনো ব্যক্তি বা দলের একক সমস্যা নয়; এটি পুরো সমাজের জন্য হুমকি। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ময়নামতি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করা হয়।
এ ছাড়া সমাবেশ সফল করতে সহযোগিতা করায় ‘রামপাল সুশীল সমাজ’, ‘ঐক্যবদ্ধ সংগঠন’ ও ‘ময়নামতি জাগ্রত বিবেক’-এর সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
সমাবেশ থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কাছে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।